পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান।।
হংকংয়ে মতবিনিময়ে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; বাংলাদেশ কনস্যুলেটে ‘সুন্দরবন লাউঞ্জ’ উদ্বোধন।।

হংকং, ২৫ অক্টোবর ২০২৬: পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সবুজ অর্থায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সবুজ বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং প্রকৃতিনির্ভর সমাধানের সুযোগ কাজে লাগাতে হবে।
রবিবার হংকং সফরকালে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী সমাজ ও বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ কনস্যুলেটে ‘সুন্দরবন লাউঞ্জ’ উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি সংরক্ষণ এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের পরিবেশ সংরক্ষণ কার্যক্রমকে এগিয়ে নিতে অর্থায়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি উপযুক্ত প্রযুক্তির প্রয়োগেও মনোযোগ দিতে হবে।
বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৩ কোটি ৫৪ লাখ গাছ লাগানো হয়েছে। রোপিত গাছের পরিচর্যা ও সুরক্ষার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। একই সঙ্গে পাহাড় কাটা ও বনভূমি দখল বন্ধ এবং দখলকৃত বনভূমি উদ্ধারের ওপর গুরুত্ব দেন তিনি।
বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীর দূষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ৪২৪টি পয়েন্ট থেকে এসব নদীতে দূষণ হচ্ছে। নদীদূষণ রোধে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি তিনি প্রচলিত ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রীর গভীর আগ্রহের কথা উল্লেখ করে শেখ ফরিদুল ইসলাম কার্বন ক্রেডিট এবং প্রকৃতিনির্ভর সমাধানের সম্ভাবনা কাজে লাগানোর ওপরও জোর দেন।
মতবিনিময় সভায় মোংলা বন্দরের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, সবুজ অর্থায়ন এবং রেমিট্যান্স বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপণ, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র, নোয়াখালীতে ভূমিহীনদের বসতি ও বন বিভাগের জমিসংক্রান্ত সমস্যা এবং সদরঘাটের পরিচ্ছন্নতার বিষয় উঠে আসে। দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী হংকংয়ে ‘ইকো এক্সপো এশিয়া ২০২৬’ এবং ‘বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন কনফারেন্স’-এ অংশ নেবেন। একই সফরে চীনের হুনান প্রদেশে সবুজ প্রযুক্তিবিষয়ক ফোরামে যোগদান এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
মতবিনিময় সভায় হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর, কনস্যুলেটের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






















