পোল্ট্রির ফিড, ভ্যাকসিন ও ওষুধের দামের ঊর্ধ্বগতির লাগাম টানবে কে?লোকসানের চাপে পাঁচ বছরে বন্ধ প্রায় ৬৪ হাজার খামার; সংকটে খামারি থেকে পোল্ট্রি পণ্য ও ওষুধ ব্যবসায়ী—কেন এই পরিস্থিতি, উত্তরণের পথই বা কী?
ড. বায়েজিদ মোড়লের গবেষণাধর্মী প্রতিবেদন

বাংলাদেশের পোল্ট্রি শিল্প একসময় গ্রামীণ কর্মসংস্থান, স্বল্প পুঁজির উদ্যোক্তা সৃষ্টি এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী প্রাণিজ আমিষ সরবরাহের অন্যতম সফল খাত হিসেবে গড়ে উঠেছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই শিল্পের অর্থনীতি ক্রমেই কঠিন হয়ে উঠেছে। একদিকে ফিড, বাচ্চা, ভ্যাকসিন, ওষুধ, বিদ্যুৎ, পরিবহন ও শ্রমের খরচ বেড়েছে; অন্যদিকে খামারির উৎপাদিত ডিম ও মুরগির দাম প্রায়ই উৎপাদন ব্যয়ের নিচে নেমে যাচ্ছে।
ফলে সমস্যাটি এখন শুধু খামারির মধ্যে সীমাবদ্ধ নেই। খামার বন্ধ হলে ফিড বিক্রি কমে, ভ্যাকসিন-ওষুধের চাহিদা কমে, ডিলার ও খুচরা ব্যবসায়ীর বকেয়া টাকা আটকে যায়, হ্যাচারিতে বাচ্চার চাহিদা পড়ে যায় এবং পুরো সরবরাহ ব্যবস্থায় নগদ অর্থের সংকট সৃষ্টি হয়।
কেন পোল্ট্রি শিল্পে এত বড় সংকট?
সমস্যাটিকে শুধু ‘ফিডের দাম বেড়েছে’ দিয়ে ব্যাখ্যা করলে পুরো চিত্র পাওয়া যাবে না। এটি মূলত উৎপাদন ব্যয়, বাজারমূল্য, আমদানিনির্ভর কাঁচামাল, কর, অর্থায়ন, বাজার ব্যবস্থাপনা এবং খামারির দরকষাকষির দুর্বলতা—সবকিছুর সম্মিলিত সংকট।
১. উৎপাদন খরচের সবচেয়ে বড় বোঝা ফিড
বাণিজ্যিক পোল্ট্রি উৎপাদনে সবচেয়ে বড় চলতি ব্যয় খাদ্য। শিল্পসংশ্লিষ্টদের সাম্প্রতিক হিসাবে মোট উৎপাদন ব্যয়ের প্রায় ৭৫–৮০ শতাংশ পর্যন্ত ফিডের পেছনে যেতে পারে। গত পাঁচ বছরে সামগ্রিক উৎপাদন ব্যয়ও ব্যাপকভাবে বেড়েছে। ফিডের প্রধান উপাদানের মধ্যে ভুট্টা, সয়াবিন মিল, তেল, প্রোটিন ও মিনারেল উৎস, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন-মিনারেল প্রিমিক্স এবং বিভিন্ন ফিড অ্যাডিটিভ রয়েছে। এগুলোর একটি অংশ দেশীয়ভাবে পাওয়া গেলেও অনেক গুরুত্বপূর্ণ উপাদান বা ইনপুট আমদানিনির্ভর।
ফলে আন্তর্জাতিক বাজারের দাম, ডলারের বিনিময় হার, আমদানি ব্যয়, কর, ব্যাংকিং খরচ ও পরিবহন ব্যয় বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত ফিডের বস্তায় এসে পড়ে।
২. ডলারের দাম বাড়লে ভ্যাকসিন-ওষুধেও চাপ পড়ে
পোল্ট্রি শিল্পের স্বাস্থ্য ব্যবস্থাপনা স্থানীয় উৎপাদনের পাশাপাশি আমদানিকৃত ভ্যাকসিন, API বা কাঁচামাল, ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড, জীবাণুনাশক ও অন্যান্য পণ্যের ওপর নির্ভরশীল। বিদেশ থেকে ১ ডলারের পণ্য আনতে আগের তুলনায় বেশি টাকা লাগলে আমদানিকারকের landed cost বাড়ে। এর সঙ্গে freight, insurance, LC ও ব্যাংক চার্জ, শুল্ক-কর, পরিবহন এবং পরিবেশকের মার্জিন যুক্ত হয়ে খামারি পর্যায়ে মূল্য আরও বাড়তে পারে। অর্থাৎ ভ্যাকসিন বা ওষুধের মূল্য নিয়ন্ত্রণের আলোচনা করতে হলে শুধু দোকানের বিক্রয়মূল্য নয়, আমদানি থেকে খামার পর্যন্ত পুরো মূল্যশৃঙ্খল পরীক্ষা করতে হবে।
৩. উৎপাদন খরচ বাড়লেও ডিম-মুরগির দাম নিশ্চিত নয়
এখানেই পোল্ট্রি অর্থনীতির সবচেয়ে বড় বৈপরীত্য। একজন খামারি আজ যে দামে ফিড কেনেন, সেই মূল্য তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না। বাচ্চার মূল্যও তার নিয়ন্ত্রণে নেই। ওষুধের দামও নয়। কিন্তু ৩০–৩৫ দিন পর তার ব্রয়লার বিক্রি করতে গিয়ে বাজারে কী দাম পাবেন—সেটিও নিশ্চিত নয়।
২০২৬ সালের জুনে উত্তরাঞ্চলে ব্রয়লারের আনুমানিক উৎপাদন ব্যয় প্রায় ১৪০ টাকা/কেজি হলেও কিছু খামারিকে জীবন্ত মুরগি ১১০–১২০ টাকা/কেজিতে বিক্রি করতে হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ডিমের ক্ষেত্রেও একই ঘটনা। জুলাইয়ে গাজীপুরের আন্দোলনরত খামারিরা জানান, একটি ডিম উৎপাদনে তাদের প্রায় ৮.৫০–৯ টাকা খরচ হলেও বিক্রি করতে হচ্ছিল প্রায় ৬.৫০ টাকায়।
অন্য একটি ২০২৬ সালের শিল্প প্রতিবেদনে ডিমের উৎপাদন ব্যয় প্রায় ১০.৫–১১ টাকা পর্যন্ত হওয়ার বিপরীতে পাইকারি মূল্য অনেক সময় ৭.৫–৮.৫ টাকায় নেমে যাওয়ার কথা বলা হয়েছে।
অঞ্চল, খামারের দক্ষতা ও সময়ভেদে উৎপাদন ব্যয়ের হিসাব আলাদা হতে পারে, কিন্তু মূল সমস্যাটি একই—input price তুলনামূলক অনমনীয়, অথচ output price অত্যন্ত অস্থির।
৪. ডে-ওল্ড চিকের অস্বাভাবিক ওঠানামাও বড় ঝুঁকি
ব্রয়লার খামারির উৎপাদন চক্র শুরু হয় একদিন বয়সী বাচ্চা বা Day-Old Chick (DOC) দিয়ে। বাচ্চার মূল্য দ্রুত বেড়ে গেলে খামারি শুরুতেই অতিরিক্ত খরচের মধ্যে পড়েন।
আবার উৎপাদন বেড়ে গেলে বা চাহিদা কমে গেলে বাচ্চার দাম পড়ে যেতে পারে। অর্থাৎ খামারি কখন বাচ্চা তুলবেন—এই সিদ্ধান্তটিই অনেকটা বাজারের জুয়ার মতো হয়ে যাচ্ছে।
এখানে প্রয়োজন DOC উৎপাদন, হ্যাচারি সক্ষমতা, সাপ্তাহিক চাহিদা এবং বাজারে সরবরাহের নির্ভরযোগ্য তথ্য প্রকাশ।
৫. ছোট খামার কেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?
বাংলাদেশের পোল্ট্রি শিল্পের বর্তমান সংকটে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন ক্ষুদ্র ও স্বাধীন খামারিরা। এর প্রধান কারণ হলো—তাদের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা যেমন সীমিত, তেমনি উৎপাদিত ডিম বা মুরগির বিক্রয়মূল্য নির্ধারণেও তাদের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ ইনপুটের দাম বাড়লে তা মেনে নিতে হয়, আবার পণ্য বিক্রির সময় বাজার যে দাম দেয়, সেই দামেই বিক্রি করতে হয়।
বড় ও সমন্বিত পোল্ট্রি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কোম্পানির অধীনে breeder farm, hatchery, feed mill, commercial farm, processing plant, cold chain এবং marketing network থাকতে পারে। ফলে উৎপাদন ব্যবস্থার একটি পর্যায়ে মুনাফা কমে গেলে বা ক্ষতি হলে অন্য পর্যায়ের আয় দিয়ে সেটি কিছুটা সমন্বয় করার সুযোগ থাকে। পাশাপাশি বড় পরিমাণে কাঁচামাল কেনা, নিজস্ব পরিবহন ও বিপণন ব্যবস্থা এবং তুলনামূলক সহজ অর্থায়নের কারণে তাদের ইউনিটপ্রতি উৎপাদন ব্যয় কমানোর সুযোগও বেশি।
কিন্তু একজন স্বাধীন ক্ষুদ্র খামারিকে প্রায় প্রতিটি উপকরণই বাজার থেকে নগদে বা বাকিতে কিনতে হয়। এর মধ্যে রয়েছে—
- ডে-ওল্ড চিক বা বাচ্চা;
- পোল্ট্রি ফিড;
- ভ্যাকসিন, ওষুধ, ভিটামিন ও মিনারেল;
- জীবাণুনাশক ও বায়োসিকিউরিটি উপকরণ;
- লিটার ও খামার ব্যবস্থাপনার অন্যান্য সামগ্রী;
- বিদ্যুৎ, গ্যাস বা জ্বালানি;
- শ্রমিকের মজুরি;
- পানি, পরিবহন ও বাজারজাতকরণ ব্যয়।
এসব উপকরণের দাম বাড়লে ছোট খামারির সামনে বিকল্প খুবই সীমিত। বড় প্রতিষ্ঠানের মতো বিপুল পরিমাণে কিনে মূল্যছাড় নেওয়া, দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করা কিংবা নিজস্ব ফিড তৈরি করে খরচ কমানোর সুযোগ অধিকাংশ ক্ষুদ্র খামারির নেই। অনেক ক্ষেত্রে বাকিতে ফিড, বাচ্চা বা ওষুধ কিনলে নগদ ক্রয়ের তুলনায় খরচ আরও বেড়ে যেতে পারে।
উৎপাদন খরচ খামারির, কিন্তু দাম নির্ধারণ করে বাজার
সবচেয়ে বড় বৈপরীত্য তৈরি হয় বিক্রির সময়। ব্রয়লার মুরগি নির্দিষ্ট ওজন অর্জনের পর দীর্ঘদিন খামারে রেখে দেওয়ার সুযোগ সীমিত। প্রতিদিন অতিরিক্ত ফিড খরচ হয়, একই সঙ্গে রোগ, মৃত্যু ও ওজন ব্যবস্থাপনার ঝুঁকিও বাড়ে। ডিমও নিয়মিত বাজারজাত করতে হয়। ফলে বাজারদর কম থাকলেও খামারিকে অনেক সময় পণ্য বিক্রি করতে হয়।
অন্যদিকে অধিকাংশ ছোট খামারির নিজস্ব processing, cold storage, retail outlet কিংবা সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর শক্তিশালী বিপণন ব্যবস্থা নেই। ফলে তাদের স্থানীয় পাইকার, আড়তদার, সংগ্রাহক বা মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর করতে হয়। এখানেই তৈরি হয় দর-কষাকষির ক্ষমতার অসমতা বা unequal bargaining power।
আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো মূলধনের সীমাবদ্ধতা। টানা কয়েকটি ব্যাচে লোকসান হলে বড় প্রতিষ্ঠান কিছুদিন ক্ষতি বহন করতে পারলেও ছোট খামারির পক্ষে সেটি কঠিন। ব্যাংকঋণের কিস্তি, বাকিতে কেনা ফিড ও ওষুধের টাকা, শ্রমিকের বেতন এবং পরবর্তী ব্যাচের বাচ্চা কেনার অর্থ—সবকিছু একসঙ্গে চাপ সৃষ্টি করে। একটি ব্যাচে বড় ধরনের রোগ বা বাজারদরের পতন ঘটলে অনেক খামারির কার্যকর মূলধন শেষ হয়ে যেতে পারে।
ঝুঁকির বড় অংশই বহন করেন খামারি
পোল্ট্রি উৎপাদন ব্যবস্থায় তাই একটি মৌলিক বৈপরীত্য দেখা যায়—বাচ্চার দাম বাড়ার ঝুঁকি খামারির, ফিডের দাম বাড়ার ঝুঁকি খামারির, রোগ ও মৃত্যুর ঝুঁকি খামারির; অথচ উৎপাদিত ডিম বা মুরগির ন্যায্য বিক্রয়মূল্য নিশ্চিত করার ক্ষমতা তার সবচেয়ে কম।
এর সঙ্গে বাজারদরের অস্বাভাবিক ওঠানামা, সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণের সীমাবদ্ধতা, মানসম্মত ইনপুট যাচাইয়ের দুর্বলতা, উৎপাদক পর্যায়ে সংগঠিত বিপণনের অভাব এবং নির্ভরযোগ্য বাজারতথ্যের ঘাটতি যুক্ত হলে ক্ষুদ্র খামারির ঝুঁকি আরও বেড়ে যায়।
ফলে প্রশ্নটি শুধু ফিড, বাচ্চা বা ওষুধের দাম বৃদ্ধির নয়; বরং পোল্ট্রি ভ্যালু চেইনে কে কতটা ঝুঁকি বহন করছে এবং কে কতটা মূল্য নির্ধারণের ক্ষমতা রাখছে—সেটিও গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র খামারিকে টিকিয়ে রাখতে হলে উৎপাদন খরচের নির্ভরযোগ্য হিসাব, প্রতিযোগিতামূলক ইনপুট বাজার, সহজ অর্থায়ন, খামারিভিত্তিক সমবায় বা producer group, সরাসরি বিপণন ব্যবস্থা এবং উৎপাদক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত করার কার্যকর কাঠামো গড়ে তোলা জরুরি।
৬. একবার লোকসান নয়—পরপর কয়েক ব্যাচের লোকসানই খামার বন্ধ করছে
পোল্ট্রি খামারের সবচেয়ে বড় সমস্যা হলো নগদ অর্থের প্রবাহ।
ধরা যাক, একজন ছোট ব্রয়লার খামারি এক ব্যাচে ২,০০০ মুরগি তুললেন। ফিড, বাচ্চা, ওষুধ, শ্রম ও অন্যান্য ব্যয় করে তিনি পুরো চলতি মূলধন বিনিয়োগ করলেন। বাজারে বিক্রির সময় প্রতি কেজিতে ২০–৩০ টাকা লোকসান হলে একটি ব্যাচেই বড় অঙ্কের মূলধন হারাতে পারেন।
পরের ব্যাচ চালাতে তখন তাকে—নিজের সঞ্চয় ভাঙতে হয়, দোকান থেকে বাকিতে ফিড-ওষুধ নিতে হয় অথবা ঋণ করতে হয়।
এভাবে তিন-চারটি ব্যাচ লোকসান হলে অনেক ছোট খামারের আর ঘুরে দাঁড়ানোর মূলধন থাকে না। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন দাবি করেছিল, মাত্র ছয় মাসেই অন্তত ১০ হাজার ছোট ও মাঝারি খামার কার্যক্রম বন্ধ করেছে।
৭. খামার বন্ধ হলে ওষুধ ও পোল্ট্রি পণ্য ব্যবসায়ীরাও কেন বিপদে পড়েন?
এই বিষয়টি প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়। একটি এলাকায় ১০০টি সক্রিয় খামার থাকলে স্থানীয় ফিড ডিলার, ওষুধের দোকান, ভ্যাকসিন সরবরাহকারী, পরিবহন ব্যবসায়ী এবং অন্যান্য সেবাদাতা সেই ১০০ খামারের ওপর নির্ভর করে ব্যবসা করেন।
যদি ৩০–৪০টি খামার বন্ধ হয়ে যায়, স্বাভাবিকভাবেই তাদের বিক্রি কমে যায়।আরও বড় সমস্যা হলো বাকির টাকা। গ্রামাঞ্চলে বহু খামারি পরিচিত ডিলারের কাছ থেকে বাকিতে ফিড, ওষুধ বা অন্যান্য উপকরণ নিয়ে মুরগি/ডিম বিক্রির পর টাকা পরিশোধ করেন। খামারি বড় লোকসানে পড়লে সেই পাওনা আটকে যায়।
ফলে সংকটটি ছড়িয়ে পড়ে—খামারি → ডিলার → ডিস্ট্রিবিউটর → কোম্পানি। অর্থাৎ পোল্ট্রি খামার বন্ধ হওয়ার অর্থ শুধু একটি শেডে মুরগি না থাকা নয়; এর সঙ্গে যুক্ত ছোট ব্যবসার অর্থনীতিও সংকুচিত হওয়া।
৮. রোগের ঝুঁকি এবং ওষুধের খরচ—দ্বিমুখী চাপ
Newcastle Disease, Gumboro, Infectious Bronchitis, Avian Influenza, Coccidiosis, CRD/শ্বাসতন্ত্রের জটিলতা, E. coli-সহ বিভিন্ন রোগ পোল্ট্রি উৎপাদনে বড় অর্থনৈতিক ঝুঁকি। ফিডের দাম বাড়লে খামারি কখনো কখনো খরচ কমাতে গিয়ে biosecurity, diagnostic testing, vaccination বা farm management-এ কাটছাঁট করেন। ফলে রোগ বাড়তে পারে। রোগ বাড়লে আবার ওষুধের খরচ ও mortality বাড়ে এবং Feed Conversion Ratio খারাপ হতে পারে।
অর্থাৎ লোকসান → খরচ কমানো → স্বাস্থ্য ব্যবস্থাপনা দুর্বল → রোগ → আরও লোকসান—একটি vicious cycle তৈরি হয়।
৯. বাজারে ‘সিন্ডিকেট’ অভিযোগ—কিন্তু সমাধান শুধু অভিযোগে নয়
বাংলাদেশে ডিম, মুরগি, বাচ্চা ও ফিডের বাজারে বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের অভিযোগ বহুবার উঠেছে। ২০২২ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ডিম ও মুরগির মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানো/বাজার অস্থিতিশীল করার অভিযোগে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছিল। তবে শিল্পপক্ষ এসব অভিযোগের বিরোধিতাও করেছে এবং কৃষিপণ্যের স্বাভাবিক supply-demand cycle ও মূল্য ওঠানামার যুক্তি দিয়েছে। তাই নীতিনির্ধারণে অনুমানের পরিবর্তে দরকার স্বচ্ছ তথ্য।
প্রতিদিন প্রকাশ করা উচিত—DOC উৎপাদন ও বিক্রয়মূল্য, feed mill gate price, ডিমের farmgate/wholesale/retail price, live broiler farmgate/wholesale/retail price এবং প্রধান feed raw material-এর আমদানি ও বাজারদর। তখন বোঝা যাবে মূল্য কোথায় অস্বাভাবিকভাবে বাড়ছে এবং কার মার্জিন কত।
১০. খামারি কমে গেলে শেষ পর্যন্ত ভোক্তাও ক্ষতিগ্রস্ত
আজ খামারি উৎপাদন খরচের নিচে ডিম বা মুরগি বিক্রি করলে ভোক্তা সাময়িকভাবে কম দামে পেতে পারেন। কিন্তু দীর্ঘমেয়াদে এটি বিপজ্জনক। কারণ লোকসানে খামার বন্ধ হতে থাকলে উৎপাদন সক্ষমতা কমবে। পরবর্তী সময়ে চাহিদার তুলনায় সরবরাহ কমে গেলে ডিম-মুরগির দাম হঠাৎ বেড়ে যেতে পারে। তখন নতুন করে খামার তৈরি ও production cycle পুনরুদ্ধারে সময় লাগে।
তাই খামারিকে ধ্বংস করে কম বাজারমূল্য যেমন টেকসই নয়, তেমনি ভোক্তার নাগালের বাইরে দাম বাড়িয়েও শিল্প টেকসই করা যাবে না।
তাহলে ফিড, ভ্যাকসিন ও ওষুধের দামের লাগাম টানবে কে?
এককভাবে কোনো একটি মন্ত্রণালয় বা সংস্থার পক্ষে এটি করা সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত Poultry Price & Production Monitoring System।
প্রথমত, সরকারকে ফিডের প্রধান কাঁচামালের আমদানি মূল্য, কর ও শুল্ক কাঠামো পুনর্মূল্যায়ন করতে হবে। যেসব উপকরণ সরাসরি খাদ্য উৎপাদনে ব্যবহৃত হয়, সেখানে অপ্রয়োজনীয় কর উৎপাদন ব্যয় বাড়ালে তা যৌক্তিকীকরণ প্রয়োজন।
দ্বিতীয়ত, ফিড মিলগুলোর উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের যৌক্তিকতা নিয়মিত পর্যবেক্ষণ করা দরকার।
তৃতীয়ত, ভ্যাকসিন, veterinary medicine, vitamin-mineral premix এবং feed additive-এর import-to-retail price chain পর্যবেক্ষণের ব্যবস্থা প্রয়োজন।
চতুর্থত, প্রতিটি পণ্যে MRP, batch number, উৎপাদন/আমদানিকারক এবং প্রয়োজনে মূল্যসংক্রান্ত তথ্য স্পষ্টভাবে থাকার পাশাপাশি মান নিয়ন্ত্রণ জোরদার করতে হবে।
পঞ্চমত, DOC-এর উৎপাদন ও বাজারজাতকরণের সাপ্তাহিক তথ্য প্রকাশ করা দরকার।
ষষ্ঠত, ডিম ও ব্রয়লারের scientific cost of production নিয়মিত নির্ণয় করতে হবে এবং সেই তথ্যের ভিত্তিতে বাজার পর্যবেক্ষণ করতে হবে।
সপ্তমত, খামারিদের জাতীয় ডিজিটাল ডাটাবেজ ও Farmer ID চালু করা দরকার—এ দাবিও BPIA সম্প্রতি তুলেছে।
অষ্টমত, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের সহজ শর্তে working capital নিশ্চিত করা প্রয়োজন। জুন ২০২৬-এ বাংলাদেশ ব্যাংক কৃষি ও প্রাণিসম্পদসহ সংশ্লিষ্ট খাতের জন্য ১০ হাজার কোটি টাকার revolving refinance scheme চালু করেছে; এতে অংশগ্রহণকারী ব্যাংকগুলো কৃষক ও উদ্যোক্তাকে সর্বোচ্চ ৮ শতাংশ সুদে ঋণ দেওয়ার সুযোগ পেয়েছে। পোল্ট্রি খামারিদের বাস্তবে এই অর্থায়নের নাগাল পাওয়া নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
নবমত, শুধু বাজারে ডিম-মুরগির খুচরা দাম বেড়ে যাওয়ার পর অভিযান চালালে সমস্যার স্থায়ী সমাধান হবে না।
Feed → Chick → Farm → Wholesaler → Retailer পুরো value chain-এর cost ও margin দেখতে হবে।
দশমত, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, NBR, বাংলাদেশ ব্যাংক, প্রতিযোগিতা কমিশন, প্রাণিসম্পদ অধিদপ্তর, BSTI এবং খামারি-ফিড-হ্যাচারি-ওষুধ শিল্পের প্রতিনিধিদের নিয়ে একটি কার্যকর জাতীয় পোল্ট্রি সমন্বয় ও মূল্য পর্যবেক্ষণ কাঠামো গড়ে তোলা যেতে পারে।
সামনে সবচেয়ে বড় আশঙ্কা
বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশের পোল্ট্রি শিল্পে একটি কাঠামোগত পরিবর্তনের ঝুঁকি রয়েছে—স্বাধীন ছোট ও মাঝারি খামার কমতে থাকবে এবং উৎপাদন ক্রমে কমসংখ্যক বড় প্রতিষ্ঠানের দিকে কেন্দ্রীভূত হতে পারে।
এটি শুধু উদ্যোক্তা হারানোর বিষয় নয়। এর সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান, ফিড ও ওষুধের স্থানীয় ব্যবসা, পরিবহন, ডিম সংগ্রহ, মুরগি বিপণন এবং লাখো পরিবারের আয় জড়িত।
সাম্প্রতিক তথ্য পরিস্থিতির গুরুত্বই দেখাচ্ছে। BPIA-এর হিসাবে পাঁচ বছরে প্রায় ৬৪ হাজার খামার বন্ধ, আর ২০২৬ সালেও বিভিন্ন এলাকায় উৎপাদন ব্যয়ের নিচে ডিম ও মুরগি বিক্রির অভিযোগ অব্যাহত রয়েছে।
শেষ কথা
পোল্ট্রি শিল্পের সংকটের সমাধান শুধু ডিম বা মুরগির দাম বেঁধে দেওয়া নয়। আবার ফিড, ওষুধ কিংবা ভ্যাকসিন কোম্পানিকে এককভাবে দায়ী করলেও সমস্যার সমাধান হবে না। প্রয়োজন কাঁচামাল আমদানি থেকে শুরু করে খামারি ও ভোক্তা পর্যন্ত পুরো supply chain-এর তথ্যভিত্তিক সংস্কার।
খামারিকে এমন দাম দিতে হবে যাতে উৎপাদন ব্যয়ের সঙ্গে যৌক্তিক মুনাফা থাকে; একই সঙ্গে ভোক্তার জন্য ডিম ও মুরগি সাশ্রয়ী রাখতে উৎপাদন ব্যয় কমানোর ব্যবস্থা নিতে হবে। ফিড ও স্বাস্থ্য উপকরণের মূল্য স্বচ্ছ করা, মধ্যস্বত্বভোগীর অস্বাভাবিক মার্জিন শনাক্ত করা, সুলভ অর্থায়ন, ডিজিটাল Farmer ID, রোগ নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার তথ্য প্রকাশ—এসব একসঙ্গে বাস্তবায়ন না করলে সংকট বারবার ফিরে আসবে।
“পোল্ট্রি শিল্পকে বাঁচাতে শুধু ডিম-মুরগির বাজারদর নিয়ন্ত্রণ করলে হবে না; ফিড, বাচ্চা, ভ্যাকসিন ও ওষুধের উৎপাদন ও আমদানি ব্যয় থেকে খামারির বিক্রয়মূল্য পর্যন্ত পুরো শৃঙ্খলে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে। খামারি বাঁচলেই শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলেই ভোক্তার জন্য সাশ্রয়ী ডিম ও মাংস নিশ্চিত হবে।”
— ড. বায়েজিদ মোড়ল।।






















