শিবচরে ১৫১ জেলে পরিবারকে খাদ্য সহায়তা। শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সচেতনতা সভা।।
প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী টুকু

শিবচর (মাদারীপুর), ৮ অক্টোবর ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে কাজ করছেন। আমরা চাই এই দেশটি উন্নত হোক, মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। দেশের উন্নয়ন হলে সবার উন্নয়ন হবে।”
বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতা সভা ও জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আমরা দেশের উন্নয়ন করব, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাব।”
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়ে তিনি বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ ও ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। এর প্রজনন ও উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখতে হবে।
তিনি জানান, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। এ সময়ে কেউ যাতে নদীতে ইলিশ ধরতে না পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
মাদারীপুরকে ইলিশের গুরুত্বপূর্ণ অঞ্চল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা নদীর সুস্বাদু রুপালি ইলিশ এ অঞ্চলের বড় সম্পদ। ইলিশের উৎপাদন বাড়লে সবচেয়ে বেশি সুফল পাবেন জেলেরাই। তাই নিষেধাজ্ঞার ২২ দিনের সাময়িক কষ্টকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “২২ দিন ইলিশ ধরা বন্ধ রাখলে ইলিশের উৎপাদন বাড়বে এবং এর মাধ্যমে জেলেদের আয় ও সম্পদের পরিমাণও বাড়বে।”
জেলেদের স্বার্থ রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “জলাশয় উন্মুক্ত থাকবে, ‘জাল যার, জলা তার’। আমরা জেলেদের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে।” নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকার ভিজিএফের চাল বিতরণ করছে বলেও জানান তিনি।
ইলিশ সংরক্ষণে সবার সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, ইলিশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি সবার দায়িত্ব। সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে উৎপাদন বাড়বে এবং জেলেরা দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর–১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।
বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাবীব খান এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।
এ ছাড়া শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান, বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জেলে এবং ভিজিএফের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ১৫১টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।























