র্যাম্পে ষাঁড় থেকে পোষা বিড়াল, রান্নায় সেরা তিন্নি—আগারগাঁওয়ে প্রাণিসম্পদ মেলা।।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঢাকার পুরোনো বাণিজ্য মেলার মাঠে ছিল পশু-পাখির র্যাম্প শো, রান্নার প্রতিযোগিতা, খাদ্য উৎসব ও খামার প্রযুক্তির প্রদর্শনী। উদ্বোধনে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেয়েছে জাতীয় প্রাণিসম্পদ পদক। চার দিনের আয়োজনে আলোচনায় এসেছে স্কুলের শিশুদের পুষ্টিকর খাবার, খামারিদের সহায়তা এবং মধ্যপ্রাচ্যে গরুর মাংস রপ্তানির পরিকল্পনা।
ড. বায়েজিদ মোড়ল | সম্পাদক, AgricultureNews24.com
ঢাকা | ২৯ নভেম্বর ২০২৬

আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে এক শিশু প্রদর্শনীতে আনা গরুকে ঘাস খাওয়াচ্ছিল। অন্য পাশে ডানা মেলা ম্যাকাও দেখছিল আরেক শিশু। মাঠের বিভিন্ন স্টলে ছিল বড় আকারের ষাঁড়, দুম্বা, ডরপার জাতের ভেড়া ও নানা জাতের কুকুর। রাতের র্যাম্পে দর্শকদের সামনে আসে ঘোড়া। একই মাঠে রান্নার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী থেকে উঠে আসে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবার আরও পুষ্টিকর করার কথা।
খামারি, সংগঠন ও কর্মকর্তাদের সমন্বয়ে র্যাম্প শো
আগারগাঁওয়ের প্রাণিসম্পদ মেলার র্যাম্পে একে একে এসেছে বড় ষাঁড়, ছোট আকারের গরু, দেশি জাতের গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া ও দুম্বা। দর্শকদের সামনে আনা হয় নানা ধরনের পাখি, কুকুর ও বিড়ালও। রাতের পর্বের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়ার প্রদর্শনী।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনের প্রস্তুতি ও ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। র্যাম্প শো পরিচালনা ও সঞ্চালনা করেন কৃষি সাংবাদিক ড. বায়েজিদ মোড়ল ও আজিম মেহেদী। এ পর্ব আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ)।
পশু-পাখি প্রস্তুত করা, পালা অনুযায়ী র্যাম্পে নিয়ে আসা এবং প্রদর্শনের সময় সেগুলো সামলানোর কাজ করেছেন অংশগ্রহণকারী খামারিরা। এ কাজে অক্লান্ত পরিশ্রম করেন ইকবাল আহমেদ, মালিক ওমর, মুস্তাফিজুর রহমান ভুট্টু, রমজান আলী ড্যানি, রাজিউল হাসান, আনোয়ার হোসেন, রাজন, সাতিল, মিসকাত, সিফাত, রাসু, ফয়সাল, কাইয়ুম ও ফরহাদসহ আরও অনেকে। তাঁদের সহযোগিতায় গবাদিপশু, পাখি ও পোষা প্রাণীর প্রদর্শনী পর্যায়ক্রমে দর্শকদের সামনে তুলে ধরা হয়।
রান্নায় প্রথম মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি
খাদ্য উৎসবের পাশাপাশি মেলায় ছিল রান্নার প্রতিযোগিতা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মেলা প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম হন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। ঢাকার আবু আব্দুল্লাহ মো. সিয়াম দ্বিতীয় এবং সাজিয়ে ফেরদৌস তৃতীয় হন। চতুর্থ স্থান পান রংপুরের আফরিন জান্নাত। পঞ্চম হন নোয়াখালীর জান্নাতুল ফেরদৌস। প্রধান বিচারক ছিলেন শেফ টনি খান। পাঁচ বিজয়ীকে সম্মাননা সনদের সঙ্গে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।
পুরস্কার বিতরণীর প্রধান অতিথি ডা. জুবাইদা রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবার আরও পুষ্টিকর ও আকর্ষণীয় করতে মায়েদের সম্পৃক্ত করার আহ্বান জানান। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ে মায়েদের নিয়ে রান্নার প্রতিযোগিতা আয়োজনের কথা বলেন তিনি। স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, মাছ, মাংস ও ডিম দিয়ে শিশুদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও সুস্বাদু খাবার তৈরির চর্চা বাড়ানোর ওপরও জোর দেন। তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে রান্নায় আগ্রহী করা এবং বাংলাদেশের খাদ্যসংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রসঙ্গও আসে।
উদ্বোধনে ২৩ পদক, স্টলে খামারের প্রযুক্তি
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও কেন্দ্রীয় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের পর দেখানো হয় প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র। পরে আটটি শ্রেণিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক। স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার কথা বলেন। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। পদক বিতরণ শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলার স্টলগুলোতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি ও উদ্যোক্তারা তাঁদের পণ্য, প্রযুক্তি ও সেবা তুলে ধরেন। পশুখাদ্য ও পুষ্টি, প্রাণিচিকিৎসা, ডেইরি ও পোলট্রি খামার ব্যবস্থাপনা এবং প্রাণিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে জানার সুযোগ ছিল সেখানে। খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনার ও আলোচনা সভাও রাখা হয় কর্মসূচিতে।
শোভাযাত্রায় মধ্যপ্রাচ্যে মাংস রপ্তানির কথা
শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শোভাযাত্রা বের হয়। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এর উদ্বোধন করেন। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে আগারগাঁওয়ের মেলা প্রাঙ্গণে পৌঁছায়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যের বাজারে গরুর মাংস রপ্তানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
মেলার মেয়াদ বাড়ল এক দিন
কেন্দ্রীয় প্রদর্শনী ও মেলা প্রথমে ২৮ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। দর্শনার্থী, খামারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় শনিবার মেয়াদ এক দিন বাড়ায়। সংশোধিত সূচিতে রোববার, ২৯ নভেম্বর মেলার শেষ দিন।
আগারগাঁওয়ের আয়োজনে রপ্তানির পরিকল্পনার পাশাপাশি দেশের ভেতরে পুষ্টিকর খাবারের চাহিদা নিয়েও কথা হয়েছে। স্কুলের দুপুরের খাবার উন্নত করার উদ্যোগে পরিবার ও বিদ্যালয় কীভাবে যুক্ত হবে, তার পরবর্তী পদক্ষেপ দেখার বিষয়। খামারিদের জন্যও প্রশ্নগুলো সুনির্দিষ্ট। সময়মতো পশুচিকিৎসা ও টিকা মিলবে কি না, ঋণ ও প্রশিক্ষণ কতটা সহজলভ্য হবে এবং রপ্তানির জন্য উৎপাদিত পশু কে কিনবে, কী দরে কিনবে—এসবের উত্তরেই বোঝা যাবে মেলার আলোচনার কতটা মাঠে পৌঁছেছে।






















