মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ।।
ঢাকা, সোমবার, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর): মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য ও মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেছেন।
সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট লুইজি দে’এরামো (Luigi D’Eramo) নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
বৈঠকে দুই দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের পারস্পরিক স্বার্থ, সম্ভাবনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করা হয়।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবন-জীবিকায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। এর ফলে কৃষকদের মতো তাঁরাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, টেকসই, জলবায়ু-সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য এবং মৎস্য চাষব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। উন্নত প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ ক্ষেত্রে ইতালির সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করার যথেষ্ট সুযোগ রয়েছে।
আলোচনায় সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবহার এবং ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়টিও গুরুত্ব পায়। সংশ্লিষ্ট খাতে ইতালির প্রযুক্তিগত অভিজ্ঞতা ও বাংলাদেশের উৎপাদন সম্ভাবনার সমন্বয় উভয় দেশের জন্য সুফল বয়ে আনতে পারে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।
মৎস্য, সামুদ্রিক অর্থনীতি ও প্রাণিসম্পদ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ব্যাপারেও উভয় দেশ আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম এবং ইকোনমিক কাউন্সিলর মো. আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।























