ডেইরিতে উৎপাদন বাড়াতে হবে, কমাতে হবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রিন ডেইরি সামিটে প্রযুক্তি, বর্জ্য থেকে সম্পদ উৎপাদন ও ক্ষুদ্র খামারিদের বাজারসুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব।।

ঢাকা, ১২ নভেম্বর ২০২৬: দেশের দুধের চাহিদা পূরণের সঙ্গে ডেইরি খাতকে লাভজনক ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা এবং বর্জ্যের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নত করতে হবে দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থা।
বৃহস্পতিবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। এর বিপরীতে জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, উৎপাদন ও চাহিদার ব্যবধান প্রায় ৫ দশমিক ২৬ লাখ মেট্রিক টন।
এ ঘাটতি পূরণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারের উৎপাদনশীলতা, সম্পদের দক্ষ ব্যবহার, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবিকা ও পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাতের অবদান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। খামার পরিচালনা ও পরিচর্যায় গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ এবং কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করছেন তরুণেরা।
এসব খামারি, নারী ও তরুণ উদ্যোক্তার জন্য উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত কোল্ড-চেইন এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে ডেইরি খাতের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম খাদ্য সরবরাহ, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর সঙ্গে পরিবেশদূষণও কমানো সম্ভব।
টেকসই ডেইরি উন্নয়নে সরকার সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এ উদ্যোগের অংশ।
প্রযুক্তি খামারপর্যায়ে পৌঁছে দিতে উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি খামারিদের দক্ষতা উন্নয়নেও সহযোগিতা বাড়ানোর কথা বলেন তিনি।
দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি দুধ সংগ্রহের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
এ ছাড়া সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক এবং দুগ্ধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।






















