RRP
agriculture news24.com
Health Care
Agriculture News
diamond egg
renata-ltd.com
Space for Add
Agriculture News
Spech for Promotion
avonah
Monday , 31 August 2026 |
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

গবেষণা, আধুনিক প্রযুক্তি ও খামারিবান্ধব উদ্যোগে পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নের আহ্বান

প্রতিবেদক
Dr. Bayezid Moral
August 30, 2026 4:19 pm

গবেষণা, আধুনিক প্রযুক্তি ও খামারিবান্ধব উদ্যোগে পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নের আহ্বান।।

WPSA-BB-এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত; অডিট প্রতিবেদন ও ২০২৬–২০২৭ সালের বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন।।

ড. বায়েজিদ মোড়ল: দেশের পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়ন, গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারি ও নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন–বাংলাদেশ শাখার (WPSA-BB) বার্ষিক সাধারণ সভা-২০২৫

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ সভায় দেশের পোল্ট্রি খাতের বিজ্ঞানী, গবেষক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, উদ্যোক্তা, পেশাজীবী এবং সংগঠনের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন WPSA-BB-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান

গবেষণার ফল পৌঁছাতে হবে খামারির কাছে

সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান বলেন, দেশের পোল্ট্রি শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে WPSA-BB বিভিন্ন সেমিনার, গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞানবিনিময় কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, পোল্ট্রি শিল্পের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে কার্যকর সমাধান বের করতে হবে। একই সঙ্গে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি যেন শুধু গবেষণাগার কিংবা সভা-সেমিনারে সীমাবদ্ধ না থাকে, তা খামার ও উৎপাদন পর্যায়ে পৌঁছে দিতে হবে।

পোল্ট্রি খাতের সঙ্গে যুক্ত বিজ্ঞানী, শিক্ষক, গবেষক, শিল্পোদ্যোক্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং খামারিদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।

WPSA-BB কি?

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন–বাংলাদেশ শাখা (WPSA-BB) দেশের পোল্ট্রি খাতের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা ও পেশাজীবীদের একটি গুরুত্বপূর্ণ জ্ঞানভিত্তিক সংগঠন। আন্তর্জাতিক পোল্ট্রি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বাংলাদেশের পোল্ট্রি খাতকে যুক্ত রাখা এবং গবেষণালব্ধ জ্ঞান শিল্প ও খামার পর্যায়ে পৌঁছে দেওয়া সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।

সংগঠনটি নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক কারিগরি সেমিনার, বিভাগীয় কর্মশালা, গবেষণা সহায়তা, পেশাগত প্রশিক্ষণ এবং জ্ঞানবিনিময়মূলক কর্মসূচি আয়োজন করে। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান প্রদান, নিউজলেটার প্রকাশ, বিশ্ব ডিম দিবস ও প্রাণিসম্পদ সপ্তাহে অংশগ্রহণ এবং পোল্ট্রি শো আয়োজনও এর উল্লেখযোগ্য কার্যক্রমের অন্তর্ভুক্ত।

ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে কর্মশালা আয়োজনের মাধ্যমে WPSA-BB খামারি, শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। ক্ষুদ্র খামারি ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, উন্নত ব্যবস্থাপনা এবং বাজার-সংযোগের বিষয়েও সংগঠনটি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি পোল্ট্রি শিল্পের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় WPSA-BB একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। নিরাপদ উৎপাদন, প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ এবং টেকসই পোল্ট্রি শিল্প গড়ে তোলাই সংগঠনটির কার্যক্রমের মূল লক্ষ্য।

ঢাকার বাইরে কার্যক্রম সম্প্রসারণ…

সভাপতির বক্তব্যে WPSA-BB-এর সভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনটিকে আরও সক্রিয়, আধুনিক ও দেশব্যাপী কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিটি বিশ্ব ডিম দিবস পালন, প্রাণিসম্পদ সপ্তাহে অংশগ্রহণ, মাস্টার্স পর্যায়ের গবেষণায় অনুদান প্রদান, নিউজলেটার প্রকাশ, বিভাগীয় কর্মশালা আয়োজন এবং নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কর্মশালা আয়োজনের মাধ্যমে ঢাকার বাইরের সদস্য, খামারি, শিক্ষার্থী ও পেশাজীবীদের সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শামসুল আরেফিন খালেদ বলেন, দেশের পোল্ট্রি শিল্পের সামনে নানামুখী চ্যালেঞ্জ থাকলেও এ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে বিজ্ঞানভিত্তিক জ্ঞান, গবেষণা, প্রযুক্তি ও শিল্পের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করতে হবে।

শুধু উৎপাদন বৃদ্ধি নয়, গুরুত্ব দিতে হবে নিরাপত্তা ও দক্ষতায়…

সভায় বক্তারা বলেন, পোল্ট্রি শিল্পকে আধুনিক ও টেকসই পর্যায়ে নিতে কেবল ডিম ও মুরগির মাংসের উৎপাদন বাড়ানো যথেষ্ট নয়। উৎপাদন দক্ষতা, খাদ্যনিরাপত্তা, রোগ প্রতিরোধ, জীবনিরাপত্তা, উন্নত খামার ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, বাজারব্যবস্থা এবং নতুন প্রযুক্তির ব্যবহারে সমান গুরুত্ব দিতে হবে।

এ জন্য সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা ও খামারিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন বক্তারা।

তাঁরা বলেন, খাতটির দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, দক্ষ জনবল এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে গবেষণার বিষয় নির্ধারণের ক্ষেত্রে খামারি ও শিল্পোদ্যোক্তাদের বাস্তব সমস্যাকে অগ্রাধিকার দিতে হবে।

ক্ষুদ্র খামারি ও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ…

WPSA-BB-এর সভাপতি বলেন, ক্ষুদ্র খামারি ও নারী উদ্যোক্তাদের উন্নয়নে সংগঠনের উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তাঁর মতে, যথাযথ প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, উন্নত খামার ব্যবস্থাপনা, মানসম্মত উপকরণ এবং নির্ভরযোগ্য বাজার-সংযোগ নিশ্চিত করা গেলে ক্ষুদ্র খামারিরাও সফল ও লাভজনকভাবে উৎপাদন চালিয়ে যেতে পারেন। একইভাবে নারীরা দক্ষ উদ্যোক্তা হিসেবে পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারেন।

তিনি বলেন, পোল্ট্রি খাত শুধু একটি ব্যবসা নয়; এর সঙ্গে অসংখ্য মানুষের জীবিকা, স্বপ্ন, আত্মনির্ভরতা, মর্যাদা ও আবেগ জড়িয়ে রয়েছে। তাই খাতটির উন্নয়ন পরিকল্পনায় প্রান্তিক খামারি এবং নারী উদ্যোক্তাদের বাস্তব সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।

সম্মানিত অতিথিদের অংশগ্রহণ…

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) আহ্বায়ক মসিউর রহমান

এ ছাড়া উপস্থিত ছিলেন WPSA-BB-এর জ্যেষ্ঠ সহসভাপতি মো. সিরাজুল হক; সহসভাপতি মো. আজমল হোসেন, মোহাম্মদ তৌহিদ হোসেন ও ড. মো. শওকত আলী; যুগ্ম সম্পাদক শাহ্ ফাহাদ হাবিব; প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রফেসর ড. মাহমুদুল হাসান শিকদার

সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক সাধারণ সদস্যও অংশ নেন।

স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনায় শক্তিশালী অবস্থানে WPSA-BB…

বার্ষিক সাধারণ সভার অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে WPSA-BB-এর কোষাধ্যক্ষ ডা. মো. নুরুল ইসলাম ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

এস. এম. জাকারিয়া অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কর্তৃক প্রস্তুত স্বাধীন নিরীক্ষা প্রতিবেদনে সংগঠনটির আর্থিক বিবরণীকে আর্থিক অবস্থান, কার্যক্রম ও নগদ প্রবাহের সত্য ও ন্যায্য প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

নিরীক্ষিত হিসাব অনুযায়ী, ৩০ জুন ২০২৫ তারিখে WPSA-BB-এর মোট সম্পদের পরিমাণ ছিল ১৮ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৫০৪ টাকা। এর মধ্যে নগদ ও নগদসমমান অর্থ ৭ কোটি ১০ লাখ ৬৯ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত বা এফডিআর ১০ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৮৫৮ টাকা এবং অবচয়-পরবর্তী স্থায়ী সম্পদের মূল্য ৫১ লাখ ৬৪৬ টাকা

আলোচ্য অর্থবছরে সংগঠনটির মোট আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ ৪০ হাজার ১১৫ টাকা এবং মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৫৭৮ টাকা। ফলে বছর শেষে আয়-ব্যয়ের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৭ কোটি ৭১ লাখ ৭৯ হাজার ৫৩৭ টাকা

মোট আয়ের মধ্যে ১৩তম পোল্ট্রি শো-২০২৫ থেকে এসেছে ১১ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৭৪৭ টাকা। একই আয়োজনের বিপরীতে ব্যয় হয়েছে ৩ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৬৭২ টাকা। এ ছাড়া স্থায়ী আমানতের সুদ থেকে ৫৩ লাখ ১০ হাজার ১৯৬ টাকা এবং ব্যাংক সঞ্চয়ী হিসাবের সুদ থেকে ২ লাখ ১০ হাজার ২১৭ টাকা আয় হয়েছে।

৩০ জুন ২০২৫ তারিখে সংগঠনটির মোট তহবিল ছিল ১৮ কোটি ১২ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা এবং পরিশোধযোগ্য ব্যয়জনিত দায় ছিল ১ লাখ ৬৮ হাজার ৬২৪ টাকা

কোষাধ্যক্ষ একই সঙ্গে সংগঠনের গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার, বিভাগীয় কর্মশালা ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করতে ২০২৬–২০২৭ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং নতুন বাজেট অনুমোদিত হয়।

উন্মুক্ত আলোচনায় উঠে এলো শিল্পের সংকট ও সম্ভাবনা…

সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর দেশের পোল্ট্রি শিল্পের বর্তমান সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় উৎপাদন ব্যয়, খামার ব্যবস্থাপনা, বাজারের অনিশ্চয়তা, রোগ প্রতিরোধ, নিরাপদ উৎপাদন, গবেষণার প্রয়োজনীয়তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণালব্ধ জ্ঞান শিল্প ও খামার পর্যায়ে প্রয়োগের বিষয়গুলো উঠে আসে।

বক্তারা বলেন, দেশের মানুষের সাশ্রয়ী প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে অবদানের ক্ষেত্রে পোল্ট্রি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাময়িক সংকট মোকাবিলার পাশাপাশি এ খাতের জন্য বিজ্ঞানভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

সভায় সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে গবেষণা সহায়তা, সেমিনার, বিভাগীয় কর্মশালা, জ্ঞানবিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

WPSA-BB-কে ২৫ শতাংশ শেয়ার দেওয়ার ঘোষণা…

অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি শামসুল আরেফিন খালেদ WPSA-BB-এর আয় ও আর্থিক সক্ষমতা ক্রমাগত বাড়ছে বলে উল্লেখ করেন। এ সময় চিকস অ্যান্ড ফিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এখলাসুল হক নিরাপদ খাদ্য, সুষম পুষ্টি, খাদ্যের উৎপাদন ব্যয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে পোল্ট্রি পণ্য রপ্তানিবিষয়ক গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে ব্যবহারের লক্ষ্যে তাঁর প্রতিষ্ঠানের নিজস্ব শেয়ারহোল্ডিংয়ের ২৫ শতাংশ WPSA-BB-কে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি সভাপতির হাতে তুলে দেন

তিনি বলেন, এটি শুধু শেয়ার দেওয়ার অঙ্গীকার নয়; বরং বাংলাদেশের পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ উন্নয়ন এবং এ শিল্পের অগ্রযাত্রায় WPSA-BB-এর অবদানের প্রতি তাঁর স্বীকৃতি। প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রস্তাবিত শেয়ার হস্তান্তরের বিষয়টি কার্যকর হবে।

বিজ্ঞান, শিল্প ও খামারির মধ্যে সেতুবন্ধনের প্রত্যয়…

WPSA-BB-এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ শুধু সংগঠনের সাংগঠনিক ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এটি দেশের পোল্ট্রি শিল্পের বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ, গবেষণার প্রয়োজন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিজ্ঞানী, গবেষক, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা ও পেশাজীবীদের মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়।

সভায় বিজ্ঞানভিত্তিক গবেষণা, আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং খামারিবান্ধব পরিকল্পনার মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও নিরাপদ, লাভজনক ও টেকসই করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন WPSA-BB-এর কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোহাম্মদ নাজমুস সাকিব হামিম। সভাপতির সমাপনী বক্তব্য ও নৈশভোজের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।

সর্বশেষ - ছাগল পালন