জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী।।
কপ৩১-এর নীতিসংলাপে নিরাপদ পানি, খাদ্যনিরাপত্তা ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নে গুরুত্ব

আন্তালিয়া (তুরস্ক), ১০ নভেম্বর ২০২৬: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো ক্রমেই হুমকির মুখে পড়ছে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, এ সংকট মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ এবং কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।
সোমবার (৯ নভেম্বর) বিকালে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতিসংলাপে উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক সংলাপটি আয়োজন করে চেঞ্জ ইনিশিয়েটিভ। সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জীবন-জীবিকাকে ক্রমাগত বিপন্ন করছে। এ পরিস্থিতিতে নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তার মতো মৌলিক চাহিদাগুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথ গুরুত্ব পাওয়া প্রয়োজন।
তিনি বলেন, বৈশ্বিক দক্ষিণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো আন্তর্জাতিক ফোরামে সম্মিলিতভাবে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে।
পরিবেশ প্রতিমন্ত্রী ও নেচার অ্যান্ড গভর্ন্যান্স পলিসি প্ল্যাটফর্মের (এনজিপিপি) আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম অভিন্ন স্বার্থ রক্ষায় দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সংলাপে বক্তারা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ রাজনৈতিক সীমানায় সীমাবদ্ধ থাকে না। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্র এবং অববাহিকায় বসবাসকারী মানুষের অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। কার্যকর পানি নীতি প্রণয়নে বৈজ্ঞানিক তথ্য, প্রাকৃতিক অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয় প্রয়োজন বলে তাঁরা মত দেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি বৈশ্বিক পানি সংকট, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরেন।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ২০২৬ শেষ হচ্ছে উল্লেখ করে তিনি আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা ও সমন্বিত নীতিগত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মূল প্রবন্ধে উপস্থাপিত চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে বাংলাদেশ প্রতি এক মার্কিন ডলার অনুদানের বিপরীতে ৭ দশমিক ৭৮ ডলার ঋণ পেয়েছে। এ প্রেক্ষাপটে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়।
সংসদ সদস্য ও এনজিপিপির কোর সদস্য মনসুরা আক্তার বলেন, সাধারণ মানুষের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকাশ পায় নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব এবং বন্যার ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে। মানুষের পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থায়নের কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দেন। ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি গবেষণালব্ধ তথ্যকে নীতিনির্ধারণ ও বিনিয়োগ পরিকল্পনায় কাজে লাগানোর আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর যৌথ অংশগ্রহণে টেকসই পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন।
সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।





















