বৃহস্পতিবার শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান।।
২৬ থেকে ২৮ নভেম্বর দেশজুড়ে চলবে প্রদর্শনী, র্যালি, সেমিনার ও কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষ সংবাদদাতা | AgricultureNews24.com
২৪ নভেম্বর ২০২৬

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। তিন দিনের এ আয়োজন চলবে শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত। কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সপ্তাহটি উদ্যাপন করা হবে। এ উপলক্ষে প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আটটি বিভাগে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী জানান, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী এ পদক দেওয়া হবে। সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন। পদক প্রদানের পাশাপাশি থাকছে প্রাণিসম্পদ প্রদর্শনী, র্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।
এক বছরে উৎপাদন প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ২০২৫–২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। গবাদিপশু ও হাঁস-মুরগি পালন থেকে আসা এই উৎপাদন দেশের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রীর দেওয়া হিসাবে, একই অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ছিল ১ দশমিক ৮১ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অংশ ছিল ১৬ দশমিক ৫৬ শতাংশ। প্রাণিসম্পদ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ এবং খাতটির জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা।
মন্ত্রী বলেন, দুধ, মাংস ও ডিম উৎপাদনের পাশাপাশি প্রাণিসম্পদ খাত গ্রামে কর্মসংস্থান সৃষ্টি করছে, নতুন উদ্যোক্তা গড়ে তুলছে এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াচ্ছে। দারিদ্র্য বিমোচনেও খাতটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























